ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনের ১৯ বছর বয়সী এক যুবক শহীদ হয়েছে বলে জানিয়েছে আল ওয়াফা নিউজ এজেন্সি।
শুক্রবার (৪ আগস্ট) ফিলিস্তিনের বুরকা গ্রামে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুশাই জামাল মাত্তান নামক ওই যুবককে গুলি করে শহীদ করে অবৈধ বসতি স্থাপনকারীরা। এর পূর্বে তারা রামাল্লার পূর্বে অবস্থিত গ্রামটিও তছনছ করে দেয়।
অবৈধ বসতি স্থাপনকারীরা বুরকা গ্রামের কিছু অঞ্চল দখল করার উদ্দেশ্যে এলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষের সময় তিনি নিহত হন।
ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাস এক বিবৃতিতে এ ঘটনার জন্য শোক প্রকাশ করে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণ প্রতিহত করতে ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনি গ্রামবাসীর উপর অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধ বসতি স্থাপনকারীদের এ আক্রমণের নিন্দা জানিয়েছে।
এই বছরের শুরু হতে, বসতি স্থাপনকারীরা পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি জনগণ ও তাদের সম্পত্তির উপর একের পর এক আক্রমণ চালিয়েছে। এসব আক্রমণে তাদের সুরক্ষা প্রদান করেছে দখলদার ইসরাইলি বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর











