spot_img
spot_img

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে একত্র করা এবং ইয়াহুদীবাদি সন্তাসীদের অবৈদ রাষ্ট্র ইসরাইলকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি। আমেরিকার দুই কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তি অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে তিনি মধ্যপ্রাচ্যের জন্য আরও বড় কিছু করতে চান।

প্রস্তাবিত পরিকল্পনার প্রথম দিকটি হলো ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্রদের আরও শক্তভাবে একত্র করা। এ ক্ষেত্রে ওয়াশিংটন নিরাপত্তার নিশ্চয়তাদাতা হিসেবে ভূমিকা রাখতে পারে।

দ্বিতীয়ত, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া বিভিন্ন সংঘাত ও উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এর মধ্যে ট্রাম্পের গাজ্জা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন, ইসরাইল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা এবং ইসরাইল-লেবানন চুক্তি বাস্তবায়নের বিষয় থাকতে পারে।

তৃতীয়ত, ইসরাইল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আব্রাহাম অ্যাকর্ডসের পরিধি বাড়ানো এবং ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করা এই পরিকল্পনার অন্যতম বড় লক্ষ্য।

রিয়াদ ও তেল আবিবের মধ্যে এমন একটি চুক্তি হলে তা ট্রাম্পের জন্য বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। একই সঙ্গে ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে এই উদ্যোগ।

তবে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না। রিয়াদ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রগতির শর্ত দিয়েছে। অন্যদিকে ইসরাইলের রাজনীতিতেও এ ধরনের উদ্যোগের বিরোধিতা রয়েছে।

এদিকে, ইসরাইলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্রাম্প প্রশাসন আশা করছে, ইসরাইলের নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার ওয়াশিংটনের নতুন পরিকল্পনায় সহযোগিতা করবে। তবে ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও ট্রাম্প পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত কয়েক সপ্তাহে ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে দুটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেখানে বিভিন্ন প্রস্তাব ও ধারণা তুলে ধরা হয়েছে।

তবে পরিকল্পনাটি চূড়ান্ত হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি। তিনি জানান, পরিকল্পনাটি নিয়ে কাজ চলছে, কিন্তু এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি।

যুদ্ধের পর কীভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনা যায়, সেটিই পরিকল্পনার অন্যতম মূল বিষয়। তবে শেষ পর্যন্ত আমেরিকার সব মিত্র এতে সম্মত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পরিকল্পনার কেন্দ্রে ইরানও রয়েছে। যুদ্ধের কারণে ইরানের সামরিক সক্ষমতার কিছু অংশ দুর্বল হয়েছে এবং দেশটির অর্থনীতিও চাপের মুখে পড়েছে। তারপরও তেহরান প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার সক্ষমতা দেখিয়ে যাচ্ছে।

হরমুজ প্রণালিও এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে রয়েছে। ওয়াশিংটন সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে চাইছে। অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটির ওপর নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছে তেহরান।

ছয় মাসের সংঘাতে ট্রাম্প প্রশাসন সামরিক চাপ, আলোচনা ও অর্থনৈতিক চাপের মধ্যে বারবার কৌশল পরিবর্তন করেছে। ফলে যুদ্ধের স্থায়ী সমাধানের পথ এখনো অনিশ্চিত।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ