ৃস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি বাড়াচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। এখন আর কেবল সংকট ব্যবস্থাপনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণ জরুরি।
আন্তর্জাতিক মহলের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের ভিড়ে রোহিঙ্গা সংকট যেন চাপা না পড়ে, সেদিকেও নজর দিতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের দিকে নজর রাখতে হবে। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতায় প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।












