শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এক মাসেরও বেশি সময় কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। কারামুক্তির পর তিনি বলেছেন, কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে কারামুক্তি উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
তিনি বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। কিন্তু কারাগারে পাঠিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে অন্যায়ের বিরুদ্ধে হিমালয়সম দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করতে পারব। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে।’
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি বিএনপির সঙ্গে ৪০ বছর রাজনীতি করেছি। সেই রাজনীতি আমার কাছে ছিল বিশাল এক নদীর মতো। ওই রাজনীতিকে আমি ভুল বলছি না। তবে সময়ের পরিবর্তনে সেই নদীতে এখন চর পড়েছে। জীবনের এক বাঁকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে আমি আরেকটি বিশাল নদীতে এসে যুক্ত হয়েছি। সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
তিনি আরও বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, সেই পথচলার নদী একদিন সাগরে পৌঁছাবেই। সত্যের জয় হবেই, ইনশাআল্লাহ। অন্যায়ের কাছে মাথা নত করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কারাভোগ করেছি, ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে পিছপা হব না।’
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কের কটিয়াদী সীমানায় পৌঁছালে জামায়াতের নেতাকর্মীরা তাঁকে বরণ করে নেন। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শুভাযাত্রার মাধ্যমে তাঁকে কটিয়াদী বাসস্ট্যান্ডের সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।
কটিয়াদী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান নেতাকর্মীরা।











