নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যদের অভিযোগ, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকেই তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল মাদক কারবারিরা।
পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে আবুল কালাম বাড়িতে গেলে শাহজালাল নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে ডেকে নিয়ে যান। পরে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁর হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











