আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। কখনো সরকারি শক্তির ওপর বিশ্বাস করে না। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অস্ত্রের ওপর ভর করে ও লাশের ওপর পা দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, টিকেও ছিল লাশের ওপর পা রেখে। খালেদা জিয়াও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামী লীগ সেটাতে বিশ্বাস করে না।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সব সময় জনগণের রায় নিয়ে এ দলটি রাষ্ট্রক্ষমতায় গেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীনতা ও সব অর্জন অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা একজন নারী হয়ে যেভাবে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে এসেছেন, সেটা শুধু আমাদের দেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে একটি উদাহরণ। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গিয়েছিলেন, তখন প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে বলেন, আপনি আমার জীবনের জন্য একটি প্রেরণা।
তথ্যমন্ত্রী বলেন, বেশ কয়েক বছর ধরে বিএনপি টানেলের ভেতর থেকে আলো দেখছেন। শুধু আলো দেখা নয়, আমি আশা করবো তারা টানেল থেকেই বের হতে পারবে এবং বিএনপি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য ভূমিকা রাখতে পারবে।










