ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরো সাড়ে ৩ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিল।
ইসরাইলি দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরোনাথের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাড়িগুলো দখলকৃত পশ্চিম তীরের মাআলে আদুমিম, ইফ্রাত ও কেদার অঞ্চলের ইহুদিদের জন্য নির্মাণ করা হবে। যেখানে ইহুদি ছাড়া অন্য কারোর বসবাসের অনুমতি দেওয়া হবে না।
ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের সকল অঞ্চলে বিকাশিত হওয়া অব্যাহত রাখবে ইসরাইল। সেই সঙ্গে নতুন বসতি স্থাপনও বৃদ্ধি পাবে ও সমৃদ্ধ হতে থাকবে দেশটি।
তিনি আরো বলেন, “বসতি স্থাপনের ক্ষেত্রে এই বছর বেশ কয়েকটি অসাধারণ কার্যাবলী সম্পন্ন করেছি আমরা। যার মধ্যে অন্যতম নতুন বসতি স্থাপনের ক্ষেত্রে অনুমতি প্রদান। আমরা জুডিয়া ও সামরিয়াতে (পশ্চিম তীর) বসতি স্থাপন, ভূমি জরিপ, নিরাপত্তা, রাস্তা ও অন্যান্য বিষয়গুলো বেশ উৎসাহের সাথে জনগণের কাছে প্রচার করছি।”
উল্লেখ্য, ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরের শুধুমাত্র ইহুদীদের জন্য অবৈধভাবে নির্মিত ১৭৬ টি বসতি ও ১৮৬টি ফাড়িতে মোট ৭ লাখ ২৫ হাজার ইহুদি বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত এসব অঞ্চলের সমস্ত বসতি অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











