ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো পরিস্থিতিতেই ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করবে না। শনিবার (৭ মার্চ) সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে পেজেশকিয়ান বলেন, “যারা মনে করছে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করানো যাবে, তারা সেই স্বপ্ন নিয়েই মৃত্যুবরণ করবে।”
এর আগে শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তেহরানের সঙ্গে কোনো চুক্তি করবেন না বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলা শুরুর সপ্তম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান জানিয়ে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া চলমান যুদ্ধ দ্রুত থামানোর সম্ভাব্য পথগুলো আরও সংকুচিত করে ফেলেছেন।
ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে এবং পশ্চিমা দেশগুলোর চাপের কাছে কখনোই মাথা নত করবে না।
তবে তিনি একই সঙ্গে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাত চায় না এবং তাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর নীতি থেকেও সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।”
ইরানের প্রেসিডেন্ট জানান, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে— প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে তাদের লক্ষ্য করে আর কোনো আক্রমণ চালানো হবে না।
পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, তেহরানের তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরান আগ্রহী।
সূত্র, ইউরোনিউজ










