spot_img

কাটাছেঁড়া ছাড়াই গণভোটের রায় বাস্তবায়নের দাবি আমীরে মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ চায় জুলাই গণভোটের সিদ্ধান্ত কোনো কাটাছেঁড়া ছাড়াই বাস্তবায়ন করা হোক। তা না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে না এবং নির্বাচন নিয়েও নতুন সংকট তৈরি হতে পারে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ঈসা খাঁ-এ আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের পর দেশের মানুষ যেভাবে শান্তিতে থাকার কথা ছিল, বাস্তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত যেসব মানুষ প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হতে হবে। তার মতে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই সেই ত্যাগের মর্যাদা দেওয়া সম্ভব।

রমজানের শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই মাস মানুষকে জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়। তাই বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, এনসিপির সদস্য-সচিব আখতার হোসাইন এমপি, জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এনসিপির মুখ্য সচিব হাসনাত আব্দুল্লাহ এমপি, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা খোরশেদ আলম কাসেমী, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, ইরানের কনস্যুলার মাহমুদ খসরভি এবং মিয়ানমারের ডেপুটি চিফ অব মিশন হেয় মিয়াত লুইনসহ অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ