দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে। এছাড়া যে কোন দিন রাজধানীতে কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম জানান, ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে। সে হিসাবে সন্ধ্যার পর যে কোন দিনই কালবৈশাখী হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে একমাত্র বৃষ্টি হয়েছে রাজারহাটে, ৭ মিলিমিটার। এছাড়া রংপুর ও ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।











