বিদেশীদের হস্তক্ষেপ রয়েছে মর্মে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাবকে বাতিল ও পরবর্তীতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে পার্লামেন্ট পুনর্বহাল করে আবারও বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরান খানকে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে এতে অংশ নেন বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেল।
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রুলিং ভুল ছিল।











