spot_img

শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে বেশি সময় লাগবে না: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, মেগা প্রকল্পের ঋণের বোঝা নিয়ে অগ্রসর হতে থাকলে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে বেশি সময় লাগবে না। একসঙ্গে পাঁচ-দশটা প্রকল্প হাতে নেওয়ার দরকার ছিল না। আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে পারতাম। যাতে করে আমরা সহনীয় অবস্থায় থাকতে পারতাম। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে জাপার ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, শ্রীলঙ্কা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে। আমি মনে করি যে বিষয়টি সরকার যেভাবে দেখছে, আরও বেশি গভীরভাবে দেখা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন কারণে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আমাদের আয় কখনোই ৬০০ বিলিয়ন ডলারের বেশি হতো না। এই যে ৪০০ বিলিয়ন ডলার আমাদের বেশি খরচ হচ্ছে, এটা কিন্তু আমাদের রিজার্ভ থেকে আস্তে আস্তে চলে যাবে। সামনের দিকে আরও অনিশ্চিত ভবিষ্যত আসতে পারে। আমরা অনেক বড় ঋণের বোঝা ঘাড়ে নিয়েছি। মেগা প্রজেক্টের নামে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করেছি। অনেক সময় অনেক বেশি সুদে ঋণ নিয়েছি আমরা।

তিনি বলেন, গত অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল সাড়ে চার লাখ কোটি টাকার মতো। সব মিলিয়ে সাড়ে এগারো লাখ কোটি টাকার মতো এখন ঋণ রয়েছে। এই বছরও দেশি-বিদেশি এক লাখ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটা প্রাক্কলন করা হয়েছে। এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি এবং এই খরচগুলো যখন আমাদের করতে হবে তখন বাংলাদেশের দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ