ভারতের আসামে বিধানসভা নির্বাচনে কাঙ্ক্ষিত জয় এসেছে বিজেপির। কিন্তু জয়ের মধ্যে কাঁটা মুসলিম ভোট। মুসলিম অধ্যুষিত এলাকায় আশাতীত ফল মেলেনি। তাই এবার সংখ্যালঘু মোর্চাই ভেঙে দিল আসাম বিজেপি।
বুধবার (৫ মে) আসামের রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস এক বিবৃতিতে সংখ্যালঘু মোর্চা ভেঙে দেওয়ার কথা জানান।
আসামে ১২৬টি আসন বিশিষ্ট বিধানসভার জন্য আটজন মুসলিম প্রার্থী দিয়েছিল বিজেপি। প্রত্যেকেই হেরেছেন। লজ্জায় মাথা কাটা গেছে গেরুয়া শিবিরের। তাই ঢাকঢোল পিটিয়ে তৈরি করা এই সংখ্যালঘু মোর্চাই তুলে দিল বিজেপি।
জানা গেছে, মুসলিম অধ্যুষিত এলাকার অধিকাংশ বুথে ২০টিরও কম ভোট পেয়েছেন প্রার্থীরা। এই সংখ্যা বুথ কমিটির সদস্যদের থেকেও কম। তার জেরে বুধবার কঠিন সিদ্ধান্ত নেয় বিজেপি।
এক বিবৃতিতে রাজ্য সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, সংখ্যালঘু মোর্চার রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের কমিটি ভেঙে ফেলা হচ্ছে।
রঞ্জিত দাস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমাদের অনেক মোর্চা আছে যেমন, মহিলা, যুব, এসটি এবং অন্যান্য। সংখ্যালঘু মোর্চাও রয়েছে। আমরা বহু মুসলিম অধ্যুষিত আসনে প্রার্থী দিয়েছিলাম। এই সমস্ত এলাকায় বহু বুথে প্রার্থীরা ২০টি ভোটও পাননি। যেখানে এর থেকেও বেশি সংখ্যায় রয়েছে বুথ কমিটির সদস্য।
তার মানে কর্মীরা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই এই মোর্চা ভেঙে দেওয়া হলো।












