spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।

রবিবার (৭ মে) ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গারা হলেন- ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার ভোরে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২০/২৫ জন সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ ঘটনায় রোহিঙ্গারা চিৎকার করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ