spot_img

ওবায়দুল কাদেরকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আয়নায় নিজের চেহারা দেখতে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

“নির্বাচন কমিশন স্বাধীন, তারা (সরকার) শুধু রুটিন কাজ করবে, তাদের অধীনেই আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে” ওবায়দুল কাদেরের এই বক্তব্যের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব আয়নায় নিজের চেহারা দেখুন। ২০১৪ সালে, ২০১৮ সালে কিভাবে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে-বাংলাদেশসহ বিশ্ববাসী তা দেখেছে। আপনাদের অধীনে আজ পর্যন্ত কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। জনগণ তাদের নিজের ভোট দিতে পারেনি।

রবিবার (৭ মে) দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এর আগে রিজভী আহমেদের সঙ্গে প্রকৌশলী নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, এবার আর জনগণ আপনাদের বিশ্বাস করে না। আপনারা জনগণের সঙ্গে বার বার যে প্রতারণা করেছেন তারা সে জবাব এবার দিবে।

বিএনপির এই নেতা বলেন, দেশব্যাপী আবারও গ্রেফতার নির্যাতন চলছে। কোন কারণ ছাড়াই ৭ ডিসেম্বর পুলিশ নয়াপল্টনে হামলা করেছিল। ৪৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছিল। সে হামলা ছিল পরিকল্পিত। কারাগারে গিয়ে দেখি গোটা কারাগার বিএনপি নেতাকর্মী দ্বারা পরিপূর্ণ। কারও পায়ে সেন্ডেল, কেউ কেউ লুঙ্গি পড়া। এরা অতিসাধারণ বিএনপি নেতাকর্মী। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছিল।

তিনি বলেন, গোটা দেশটাই আজ কারাগার। আমরা ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি মাত্র।

তিনি বলেন, আটক করে, নিপীড়ন করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। গ্রেফতার করে নির্যাতন করে গণজোয়ার ঠেকাতে পারবে না সরকার। এবার জনগণের বিজয় হবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনদের স্বাগত জানাতে গিয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

এর আগে রিজভী আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ