পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু। তিনি এ বছর প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন যা বাজেটের প্রায় ১৭ দশমিক ৪ শতাংশ।
রোববার (০৬ জুন) পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিল হতে তার নির্বাচনী এলাকা সিলেটে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে জমিহীন, গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাড়ি বিতরণ করা হয়েছে। যারা এখনো পাননি তাদের পর্যায়ক্রমে দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিএফ কার্ডের সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শুরু হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে এখন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।











