ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভ্যাকসিন হল আমাদের সুরক্ষা কবচ। সারা বিশ্বে যতটা পরিমাণ ভ্যাকসিন দরকার, সেই তুলনায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অনেক কম। করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক বিশ্বে এমন মহামারি কেউ দেখেনি।
সোমবার (৭ জুন) বিকেল ৫টায় ভারতের জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোদি বলেন, দেশে ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। আমি যখন কথা বলছি, তখন এই টিটাকরণ সম্পূর্ণ হয়েছে। আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গতবছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি।
আরও দ্রুত টিকার সরবরাহ বাড়বে। দেশে ৭টি সংস্থা টিকা তৈরি করছে। ৩টি সংস্থা আলাদা আলাদা টিকার পরীক্ষা চালাচ্ছে। অন্যদেশ থেকেও টিকা কেনার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
করোনা রোগীদের অক্সিজেন প্রদান সম্পর্কে মোদি বলেন, ভারতের ইতিহাসে এত বেশি মেডিক্যাল অক্সিজেনের প্রয়োজন হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে কেন্দ্রীয় সরকার। ১০০ শতাংশ তরল অক্সিজেন তৈরি করার চেষ্টা করা হয়েছে। জরুরি ওষুধ তৈরি কয়েকগুণ বাড়ানো হয়েছে। করোনা রুখতে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।












