কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই। দেশে বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে। দানাজাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ।
বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সবজির উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে তিনি বলেন, বছরে ৩ মিলিয়ন থেকে ২২ মিলিয়ন মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে। তবে যাদের কেনার সামর্থ্য নেই, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার দেয়াকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ, মেধার বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে এর বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করছে।’
মন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন করে মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। মানুষের আয় বাড়ালে কৃষি বাঁচবে, বিভিন্ন খাতও সমৃদ্ধ হবে। এ ক্ষেত্রে যেকোনো উদ্যোগে খাদ্য মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহায়তা করবে কৃষি মন্ত্রণালয়।
কৃষিমন্ত্রী বলেন, ক্ষমতা পাওয়ার পরই গত ১৫ বছরে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। আমরা ২০১৫ সালেই এমডিজির (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) সব লক্ষ্য অর্জন করেছিলাম, যা সারা পৃথিবীতে প্রশংসিত।











