২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাতপরিচয় ছয় জনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পড়ে ছিল। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। অজ্ঞাত হিসেবেই লাশগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশগুলো হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি নারীর (৩২) লাশ। বাকিগুলো পুরুষের। তাদের বয়স আনুমানিক ৩০, ২৫, ২০, ২২ ও ২৫ বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান।
তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ৭ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেল আসে। এরপর সেগুলোর ডিএনএ আলামত সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, পুলিশের মাধ্যমে লাশগুলো আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি লাশে আঘাতের চিহ্ন ছিল। একটি লাশে শর্টগানের গুলির চিহ্ন রয়েছে। বাকিগুলোতে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হলো।











