ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’
রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন শেখ হাসিনা।
সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা বললেও এবার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’
আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে দলটির সভাপতির দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’
ছোট বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’
সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।












