আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবো। আজকের এই সম্মেলনে মানুষের ঢল নেমেছে। শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের যে সমর্থন রয়েছে এ সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়।
সোমবার (৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আন্দোলন এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে টাঙ্গাইল জেলার ভূমিকা রয়েছে। এই টাঙ্গাইল জেলা থেকে আমরা বিএনপি-জামায়াতের অশুভ চক্রকে প্রতিহত করতে প্রতিজ্ঞা নিই।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন করে নতুন নেতৃত্ব নিয়ে আসছি। এই শক্তিশালী কমিটির মাধ্যমে আগামীতে প্রত্যেক ইউনিয়নে, উপজেলায় ও জেলায় সমাবেশ করে শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য আর বিএনপির ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। বাংলাদেশের মানুষ এগুলো শুনে একটু সচেতন হলেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।










