spot_img
spot_img

ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি : মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, অনেকে বলছেন ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় চলে আসবে। কিন্তু জুলাই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলো, না কমলা হ্যারিস আসলো তাতে আমাদের কিছু যায় আসে না। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আমরা আমাদের ছাত্র-জনতার শক্তিতে বিপ্লব করেছি। শক্তিশালী ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলার জন্য এই বিপ্লব হয়েছে। এই জাতি ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকবে না। ফলে ওয়াশিংটন নির্বাচনে আমাদের কিছু যায় আসবে না।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ আবার ভারতের অধীন হয়ে যায়। সেখান থেকে ছাত্র-জনতা আমাদের উদ্ধার করে, আমরা যেন তাদের অবদান না ভুলি। এই বিপ্লব সবাই চেয়েছে, কিন্তু তরুণরা নেতৃত্ব দিয়েছে। আপামর জনতা বিপ্লবের সঙ্গে ছিল।

তিনি আরও বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর আমরা জনতার বিপ্লব দেখেছি, যে অসাধারণ বিপ্লবের মাধ্যমে ভারতের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছিল। সেই অভ্যুত্থানের মাধ্যমে সব বাংলাদেশি প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ লাভ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ