জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহন বিনা টোলে চলাচলের সুযোগ পাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা দেওয়া হবে।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সারা দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা কার্যকর থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও দূতাবাসেও একই নিয়মে পতাকা উত্তোলন করা হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
এ ছাড়া সরকারি ছুটির কারণে আজ দেশের সব তফসিলি ব্যাংকও বন্ধ থাকবে।











