দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি থামাতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে আলোকিত পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্তমানবতার সেবায় কাজ করছেন। তার এ সেবার জন্য তিনি শুধু দেশে নন পৃথিবীর বিভিন্ন জার্নালে ‘মানবতার জননী’ উপাধি পেয়েছেন। সেটা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশাল সম্ভাবনার জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন আর বিদেশ থেকে সাহায্য নেওয়ার দেশ নয়; বাংলাদেশ এখন সাহায্য দেয়। শ্রীলংকাকে বাংলাদেশ সাহায্য দিয়েছে। সুদানকে অর্থ মঞ্জুরি দিয়েছে। এ মঞ্জুরির টাকা ফেরত নেওয়া হবে না। এসব সংবাদ আমাদের আনন্দ দেয়। ১৬ কোটি মানুষ আনন্দিত হয়। বিশ্ব-সভায় প্রধানমন্ত্রী যখন প্রশংসিত হন; তখন বাংলার মানুষ আনন্দিত হয়।










