রাজধানীতে গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে কিংবা ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে কেউ যেন এ ধরনের ভবন নির্মাণ না করেন। সবকিছু মেনে ভবন নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা কমে যেত।
বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। এখানে মূল দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস। তাদের সহায়তা করছে পুলিশ ও র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর সিদ্ধান্ত নিতে পারব কেন এই বিস্ফোরণ ঘটেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাততলা ভবনে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন ও আব্দুল হাকিম। এছাড়া অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।










