ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার জোড়ালো প্রচেষ্টা চলছে। সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার আলোচনা চলছে। ইসলামপন্থার বিজয় ছিনিয়ে আনতে এখন থেকেই মাঠে ময়দানে কাজ করতে হবে।
আজ শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর বিজয়নগর আত-ত্বরীম মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্সিপাল মাদানী বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের মাস হলো রমজান। রমজান মাস মুমিনের জন্য সুসংবাদ বয়ে আনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো- রমজান আসলে মানুষের মধ্যে এক ধরনের হাহাকার আর দুঃখ-কষ্টের সীমা থাকে না। পৃথিবীর দেশে দেশে রমজান আসলে নিত্যপণ্যের দাম কমিয়ে দেয়া হয়। বাজারব্যবস্থা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো বাংলাদেশ। রমজান আসার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়িয়ে দেয়া হয়। সিন্ডিকেটেরে মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজারব্যবস্থা অস্থির করে ফেলা হয়। রমজানে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে মানুষের কষ্টের আর কোনো সীমা থাকবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, আলহাজ মনির হোসাইন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনির হোসাইন, এ আর খান, মুফতী আখতারুজ্জামান প্রমুখ।











