মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর ইরানের হামলার বিষয়টি নিয়ে আরব লীগ জরুরি বৈঠক করেছে।
রবিবার (৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ভার্চুয়ালি আরব লীগ কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে এসব হামলাকে আন্তর্জাতিক আইন, বিভিন্ন সনদ ও সুপ্রতিবেশী নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
বৈঠকে আরও বলা হয়, এসব পদক্ষেপ আরব দেশগুলো এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। আরব লীগের সদস্য দেশগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান-সহ আরব লীগের ২২টি সদস্য রাষ্ট্র রয়েছে।
সূত্র, আরব টাইমস










