এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত।
রোববার (০৮ মার্চ) নোটিশে বলা হয়েছে, দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিতভাবে মামলা দায়ের করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আশরাফুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে। জবাবটি নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটি দায়ের করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ তুলে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।










