বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি।
শনিবার (৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দাবি একটাই, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাধীন প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, বিএনপি ২২ আগস্ট থেকে সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলন করছে। যে আন্দোলন চলছে, ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছে, বিগত কয়েক বছরে আন্দোলনে সহশ্রাধিক নিহত, কয়েকশো গুম ও নিখোঁজ। ৩৫ লাখের বেশি মামলা হয়েছে।
জাতীয় সংসদে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ নিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্য গতানুগতিক বক্তব্য। কিন্তু গণতান্ত্রিক চর্চা ও বাস্তবতা আওয়ামী লীগ করে না। রাষ্ট্রপতির বক্তব্য সুন্দর কিন্তু তা আওয়ামী লীগের জন্য বাস্তবসম্মত নয়।










