ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এতে সম্মত হয় ইসরাইলও। কিন্তু পরবর্তীতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, দুই সপ্তাহের এ যুদ্ধবিরতিতে লেবানকে যুক্ত করা হয়নি।
যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের মিত্ররা এই যুদ্ধবিরতির আওতায় থাকবে।
যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদার বাহিনী।
এর পাশাপাশি দেশটির রাজধানী বৈরুতের দাহিয়েহ থেকেও সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়। এই দাহিয়েহ উপশহরটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
দাহিয়াহতে হামলা চালানো হবে উল্লেখ করে ইসরাইলি বাহিনী বলেছে, ইসরাইলি সেনারা পুরো দাহিয়াহ এলাকাজুড়ে হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোতে তাদের হামলা অব্যাহত রেখেছে। আমাদের সেনারা আপনাদের কোনো ক্ষতি করতে চায় না, তাই আপনাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।











