ভারতের রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তে ৩ গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩জন। তবে বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পারায় তিনি নিরাপদে রয়েছেন। সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়।
আজ সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। তিনি সামান্য আহত হলেও সুস্থ রয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে।












