স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে। তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। আমাদের মূল জায়গা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। আমাদের স্বকীয়তা, আমাদের স্বতন্ত্র পরিচয়, আমরা বাংলাদেশি, এই কথাটা সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি। নয় মাস যুদ্ধ করেই স্বাধীনতা এনেছি। আবার গণতন্ত্রও ফিরিয়ে পেয়েছি লড়াই করেই।
শুক্রবার (৮ মে) দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াই করেছে, আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। কিন্তু অনেকেই এই পরিবর্তনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে চায়। আমরা কেউ চাই না, দেশে আর কোনো গোলযোগ হোক।











