ইরানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী।
বুধবার (৮ জুন) সকালে ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনা সামনে আসার পর দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বল।
ডয়চে ভেলে বলছে, বুধবার সকালে মরুভূমির শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে ট্রেন লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। দুর্গম এলাকার এই রেলপথটি তাবাস শহরের সাথে ইয়াজদ শহরকে সংযুক্ত করেছে।











