spot_img
spot_img

বিএনপি নেতা সালাহউদ্দিন যেকোনো সময় দেশে ফিরতে পারবেন : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অনুপ্রবেশ মামলায় মেঘালয়ের শিলং জজকোর্ট থেকে খালাস পাওয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ যেকোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিক শাখার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানার পুলিশ।

একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ মামলায় তিনি শিলং জজ কোর্ট থেকে খালাস পান। পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন।

এ বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন মঞ্জুর করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গৌহাটিতে সহকারী হাইকমিশনকে জানিয়েছে।

তিনি বলেন, সরকার তার দেশে ফেরার বিষয়ে কাজ করছে। তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ