আফগানিস্তানকে শিল্পোন্নত দেশে রূপান্তর এবং দেশে শিল্প-নবজাগরণ ঘটাতে বাস্তব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি।
তিনি বলেন, আফগানিস্তানকে শিল্পোন্নত দেশে রূপান্তর এবং দেশে শিল্প-নবজাগরণ ঘটাতে বাস্তব পদক্ষেপ বাস্তবায়নে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৭ জুলাই) আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ও আন্তর্জাতিক শিল্প ও খনিজ সপ্তাহের প্রদর্শনীর সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
নূরুদ্দিন আজিজি বলেন, এ ধরনের প্রদর্শনী স্থানীয় শিল্পকে সহায়তা করতে ভূমিকা রাখে। রাশিয়ায় আফগান পণ্যের প্রদর্শনী আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, স্থানীয় উৎপাদনকে এমন পর্যায়ে নিতে সহায়তা অব্যাহত থাকবে, যাতে তা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হয়।
তিনি জানান, গত চার বছরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রায় ৬ হাজার কোম্পানিকে লাইসেন্স দিয়েছে। বর্তমানে আফগানিস্তান প্রায় ২ হাজার ধরনের পণ্য উৎপাদন করছে। এর মধ্যে প্রায় ৩০০টি পণ্য স্বয়ংসম্পূর্ণতার পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: হুরিয়াত রেডিও










