হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক ও মুফতীয়ে আযম মুফতী আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, অসংখ্য আলেমের ওস্তাদ,আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন উপমহাদেশের শীর্ষ স্থানীয় একজন মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন। তার মৃত্যুতে জাতি আর একজন বিজ্ঞ আলেম কে হারালো। তার মত বিজ্ঞ আলেমের শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন যাবৎ হাটহাজারী মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী তালিম তরবিয়তের অঙ্গনে তার দ্বীনের খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, ভক্ত, গুনগ্রাহী ও অসংখ্য ছাত্রবৃন্দের প্রতি সমবেদনা জানান।











