spot_img
spot_img

লুটপাটকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না : ড. ইউনূস

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। তাদের স্বপ্ন শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ভেঙে দিয়েছে। তারা কী এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে, তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টার ত্রুটি করবে না। যেটা শুরু করছো, সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ। এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়।

তিনি বলেন, যখন হাসপাতালে আহতদের সাক্ষাতে যাই আমি তখন যে দৃশ্য দেখছি সেটা তো সবাই দেখছে না। তাদের দিকে তাকাতে কষ্ট হয়। যারা হাসপাতালে আসছেন তারা হয়তো অনুধাবন করতে পারছেন। মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। কী নৃশংসতা ছিল। শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি, কী একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে তিনি বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো। কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি।

তিনি বলেন, কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য। তরুণ প্রাণ, অনেকের মাথার খুলি উড়ে গেছে। অনেকের শরীরে গুলি রয়ে গেছে। বেঁচে আছে।

প্রধান উপদেষ্টা বলেন, যতবার শুনি, যতবার দেখি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়, যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ