জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ কুরআন ও সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিলটি সংশোধন এবং এতে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
তিনি বলেন, ইসলামি শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত না নিয়ে তড়িঘড়ি করে বিলটি সংসদে পাস করা হয়েছে। মুসলমানপ্রধান দেশে ইসলামি শরিয়াহবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য হতে পারে না।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সংসদে পাস হওয়া বিলে ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’-এর যে বিধান রাখা হয়েছে, তার মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দিয়ে অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এতে ইসলামের ফারায়েজের বিধান লঙ্ঘিত হবে।
তিনি বলেন, কুরআন ও সুন্নাহয় উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সামাজিক বাস্তবতা বা পারিবারিক প্রয়োজনের যুক্তিতে মিরাসের নির্ধারিত বিধান পরিবর্তনের সুযোগ নেই। কুরআনের নির্ধারিত উত্তরাধিকার ব্যবস্থা পাশ কাটিয়ে আইন করা শরিয়াহকে অবজ্ঞা করার শামিল।
হেফাজতের এই নেতা বলেন, কোনো ব্যক্তি জীবিত অবস্থায় সম্পত্তি হেবা করলে হেবার শরয়ি বিধান অনুসরণ করতে হবে। নিজের জন্য সম্পত্তির ব্যবস্থাপনা ও আজীবন ভোগদখল সংরক্ষণ করে মৃত্যুর পর তা গ্রহীতার কাছে হস্তান্তরের শর্ত প্রকৃত হেবার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।
এ প্রসঙ্গে তিনি জামে তিরমিজির ২১১৭ নম্বর হাদিসের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রাপ্তবয়স্ক ওয়ারিশরা স্বেচ্ছায় নিজেদের অংশ থেকে কাউকে কিছু দিলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু আইন করে ওয়ারিশদের নির্ধারিত অধিকার পাশ কাটানোর সুযোগ তৈরি করা গ্রহণযোগ্য নয়।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলামি বিধানসংশ্লিষ্ট এমন একটি বিল সংসদে উত্থাপনের আগে দেশের স্বীকৃত আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, ইসলামি শরিয়াহ ও মুসলমানদের ধর্মীয় বিধানের প্রশ্নে দেশের আলেমরা কোনো ছাড় দেবেন না। ধর্মীয় বিধিবিধানসংশ্লিষ্ট আইন প্রণয়নের ক্ষেত্রে আলেমদের মতামতকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়। বিলটিতে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দানের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগের অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে।












