জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন বাংলাদেশের আরেক প্রতিনিধি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তিনি শপথ নেন। শপথ গ্রহণের আগে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে আসন্ন অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা এবং তার অগ্রাধিকার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
৮১তম অধিবেশনের মেয়াদ ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ অধিবেশনের মূল প্রতিপাদ্য, ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। কাকোরিস পেয়েছিলেন ৯১ ভোট।
এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর খলিলুর রহমানের মাধ্যমে বাংলাদেশ আবারও এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পেল।












