চীন ও ভারতের সেনাসদস্যদের মধ্যে আবারো মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে অরুণাচল সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল এর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্রায় ২০০ জন চীনা সৈনিকের একটি দলকে ভারতীয় সেনারা আটকে দিয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়।
এতে বলা হয়, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে চীনা ফৌজের একটি বাহিনী। তবে ভারতীয় সেনারা তাদের আটকে দেয়। ফলে আবারও মুখোমুখি চলে আসে দুই দেশের ফৌজ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় বাকবিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, অরুণাচলের সীমান্ত নিয়ে চীন এবং ভারতের ভিন্ন দাবি রয়েছে। জানা গেছে, এই ধাক্কাধাক্কি বেশ কয়েক ঘণ্টা চলে। পরে প্রটোকল অনুযায়ী এই বিবাদ মেটানো হয়।
সূত্র: আজকাল













