spot_img

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, কম মূল্যে পণ্য কিনতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কমে পণ্য কিনতে তো সরকারকে জানায়নি। গ্রাহকদের ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কাজ করছে। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা যখন ১ লাখ টাকার পণ্য অর্ধেক মূল্যে কেনার জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে লগ্নি করেছে তখন তারা সরকারকে কি জানিয়েছে?

তিনি বলেন, সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ