spot_img
spot_img

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন নিহত

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করে তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

নিহতদের মধ্যে গোলাফসা নামে ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তিনি প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া প্রায় ১২ বছর বয়সী এক কিশোরী ও আরেক শিশু নিহত হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, নিহত শিশুদের একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো চলছে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডে ভূমিকম্পের কম্পনের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে ভূমিকম্পের কারণে ভবনটি ধসে পড়েছে কি না তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের তথ্যমতে, ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দেওয়ায় বাড়ির মালিক সেটি খালি করার প্রক্রিয়া শুরু করেছিলেন। পুলিশের তথ্যমতে, ভবনটি প্রায় ২২৫ বর্গফুট জমির ওপর নির্মিত ছিল।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ