ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং এতে ভারতীয় প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য তাদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এ ক্ষেত্রে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ভারতীয় প্রতিনিধি থাকার জন্য নাম চাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যেখানে সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।’
হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। এ ক্ষেত্রে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।











