spot_img
spot_img

মুসলমানদের কারণে নয় বরং সনাতন ধর্মাবলম্বীদের ভোটেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলমানদের কারণে নয় বরং সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ৯৮টি আসনে ধানের শীষের বিজয় সম্পূর্ণরূপে সনাতন ধর্মাবলম্বীদের কারণে হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায়ী শিক্ষকদের বিদায়, নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘মুসলমানরাও নিজ নিজ জায়গা থেকে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। সকলে মিলেমিশে কাজ করেছেন। তবে শতভাগ ঈমানদারিত্ব ও সততার পরিচয় দিয়েছেন সনাতন ধর্মের ভাইয়েরা।’

তিনি বলেন, ‘চৌমুহনী কুড়িপাড়া সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকা। এই এলাকায় বিএনপি কখনো জেতেনি। এবারে বিজয়ী হয়েছে। টেকনিক্যাল হাইস্কুল, কলেজ কেন্দ্র ও চৌমুহনী পৌরসভায় বিএনপি কখনো জয়লাভ করেনি। হিন্দু ধর্মের ভাইদের ভোট অন্য জায়গায় যেত। কিন্তু এবার সনাতন ধর্মের ভাইদের ভোট আমরা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই হিন্দু ভাইদের ভোট আমরা পেয়েছি। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের পূজা-পার্বণ, ব্যবসা-বাণিজ্যসহ সব কর্মে এবং একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার জন্য যা যা দরকার, আমরা সরকারে থেকে তা করব।’

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ভারতে উগ্র হিন্দু ধর্মান্ধরা ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। সেটা বাংলাদেশের দেখার বিষয় নয়। সেখানে মুসলমানদের ওপর কী হলো তা ভারত সরকার দেখবে এবং বিশ্ব দরবারে সেই দায়দায়িত্ব তারা বুঝবে। তিনি বলেন, ‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই আমাদের এই বাংলাদেশ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার রাজিবুল হাসান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. আহসান উল্লাহ, উপজেলা যুবদল নেতা মো. রুস্তম আলী ও মহিউদ্দিন রাজু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ