spot_img
spot_img

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ

বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত ‘আবরার ফাহাদ: দিল্লি আধিপত্যবাদ প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

আসিফ মাহমুদ বলেন, শুধু বক্তব্য ও বিবৃতির মধ্যে আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে সীমাবদ্ধ রাখলে হবে না। বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক হলে এবং তাতে বড় কোনো ঝুঁকি না থাকলে সেটি করতে আপত্তি নেই। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি বা সম্পর্কের পক্ষে তারা নন।

আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’-এর প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, গণতন্ত্র ও গণপ্রতিরোধসহ এসব ধারণা বাস্তবায়ন করা গেলে আগামী দিনের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে কার্যকর জায়গায় নেওয়া সম্ভব হবে।

সভায় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলার কারণেই আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন।

আখতার হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষা। গঙ্গার পাশাপাশি তিস্তাসহ সব অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার অজুহাতে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ