ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। এজন্য আলেমসমাজকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলেমসমাজের উদ্দেশে আ ফ ম খালিদ হোসেন বলেন, কোনো পিঁপড়া একা হাঁটে না। এমনকি জঙ্গলের কোনো হাতিও একা হাঁটে না। অথচ আমরা দশদিকে দশটি গ্রুপে বিভক্ত। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঐক্যই শক্তিতে পরিণত হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না। তাই পায়ের নিচের মাটি শক্ত আছে কি না, সেটি আগে নিশ্চিত হতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা যখন ওয়াজ করি লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে আসে। এরা আমার ভোটার নয়। এখানেই তো ভুল। বিগত নির্বাচনে ফিফটি পারসেন্ট ভোট পেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল মিলে ভোট দাঁড়ায় ৩৫ পারসেন্ট। সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না। এত আস্ফালন কিসের? আশা করি ২০৩১ সালে পরিস্থিতি বদলে যাবে। জামায়াতে ইসলামী বাদ দিলে ৫ দশমিক ৫৫ পারসেন্ট ভোট পেয়েছি আমরা। সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আবার লম্বা লম্বা কথা বলে।’











