spot_img

ডিজেলের দাম বাড়ায় কৃষকের ক্ষতি পুষিয়ে দেবে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ডিজেলের দাম বাড়ায় কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কৃষকবান্ধব সরকার কৃষককে প্রণোদনার মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে নিতে সাহায্য করবে।

তিনি বলেন, ‌নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে হবে।

সোমবার (৮ নভেম্বর) নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে প্রায়শই যেসব পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়। পরনির্ভরতার কারণে সেসব পণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মাটি অনেক উর্বর। এখানে যা ফলাতে চান তাই ফলবে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বাংলাদেশ তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো কৃষি খাত, গার্মেন্টস খাত এবং প্রবাসীদের রেমিট্যান্স। এ সেক্টরগুলো শক্তিশালী হওয়ার কারণে করোনাকালে বিশ্ব অর্থনৈতিক মন্দায় পতিত হলেও বাংলাদেশের অর্থনীতি ছিল শক্তিশালী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ