সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনর্বহালের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।
রয়টার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, ১০ সেপ্টেম্বরের পর সোমবার সকালে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে চলতি সপ্তাহে কূটনৈতিক সমাধানের পথ উন্মোচিত হতে পারে, এমন প্রত্যাশায় তেলের বাজারে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য কিছুটা কমেছে। তবে এই প্রত্যাশা বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ের ওপর নির্ভর করছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরায় শুরু হওয়ার খবরও বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স











