বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগুন সন্ত্রাসের নাটক আবার শুরু হয়ে গেছে। তার সঙ্গে আওয়ামী লীগের কান্নাকাটিও শুরু হয়ে গেছে। আগুন সন্ত্রাস কারা করেছে এটা দেশের মানুষ ভালো করে জানে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ভদ্রলোকের দল। আমাদের সন্ত্রাসী করে না, সন্ত্রাসের কোনো রেকর্ড নেই। পিটিয়ে হত্যার কোনো রেকর্ড বিএনপির নেই। গুম-খুন করার কোনো রেকর্ড বিএনপির নেই। পুলিশের কাস্টোডিতে হত্যার কোনো রেকর্ড নেই, পঙ্গু করে দেওয়ার কোনো রেকর্ড নেই। এই রেকর্ড রয়েছে শুধু আওয়ামী লীগের। এসব করেই আজকে তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।
জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, তখন তারা রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে, সন্ত্রাসীদের ব্যবহার করে আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড ঘটায়। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আগুন সন্ত্রাস কারা ঘটিয়েছে। কারা বাসে আগুন দিয়েছিল, তার সঙ্গে জড়িত ছিল, সব রেকর্ড আমাদের কাছে রয়েছে।










