spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অবরোধের কারণে পারাবাত, পর্যটক এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ দুটি রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

একই সময়ে বিক্ষোভকারীরা আখাউড়া-আগরতলা সড়কপথও অবরোধ করেন। এতে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল, এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। গত ৪ জুন এ সংক্রান্ত সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। বরং সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন, বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে নবগঠিত বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ এ প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ